বরিশালে পার্বত্য চুক্তি দিবস পালন
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে গতকাল শুক্রবার পার্বত্য চুক্তি দিবস পালিত হয়েছে। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বেলা ১১টায় নগরের সিটি করপোরেশন কার্যালয়ের সামনেফজলুল হক অ্যাভিনিউয়ে এ শান্তি সমাবেশ হয়। পরে সেখান থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরীর সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রশীদ খান, মহানগরের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য তারিক-বিন-ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
শান্তি সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি সম্পাদিত হয়। তখনকার চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ ওই চুক্তিতে সই করেন। সেই থেকে ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি দিবস হিসেবে পালন করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।