বরিশালে পাসপোর্ট সেবা বন্ধ তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সব কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। সার্ভার বিপর্যয়ের কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে, তাও স্পষ্ট করে জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আকস্মিক এমন বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক শ সেবাপ্রত্যাশী। বিশেষ করে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য জরুরি ভিত্তিতে যাঁদের পাসপোর্ট প্রয়োজন, তাঁদের ভোগান্তি আরও বেশি।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ৬ আগস্ট সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এই অবস্থা হয়েছে। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
সূত্র জানায়, এখান থেকে প্রতিদিন ১০০ থেকে ১২০ জন নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন এবং অন্তত ১৫০ জনকে নতুন পাসপোর্ট সরবরাহ করা হয়। গত তিন দিনে দূর-দূরান্ত থেকে আসা এসব আবেদনকারী ও নতুন পাসপোর্ট নেওয়ার জন্য আসা কয়েক শ ব্যক্তি ফিরে যান।
পাসপোর্ট নিতে আসা বরিশালের উজিরপুর উপজেলার জগদীশ বিশ্বাস বলেন, তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য তাঁরা ভারতে যাবেন। সেই জন্য পাসপোর্টটি ৩০ জুলাই জমা দিয়েছেন। কিন্তু পাসপোর্ট পাননি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, ৬ আগস্ট আকস্মিক সার্ভারে সমস্যা দেখা দেয়। তাৎক্ষণিক ঢাকায় যোগাযোগ করে বিষয়টির সমাধান হলেও অনেক ডেটা মুছে গেছে। এখন সফটওয়্যারের মাধ্যমে এসব ডেটা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। আর এটা করে মালয়েশিয়ার একটি সফটওয়্যার বিশেষজ্ঞ দল। আশা করা যায়, দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট সেবা প্রদানের কার্যক্রম শুরু করা যাবে।