বরিশালে পাসের হারে শীর্ষে ভোলা, সর্বনিম্নে বরগুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার ফলাফলে এ বছর পাসের হারের দিক থেকে সবার শীর্ষে রয়েছে ভোলা জেলা। আর পাশের হারের দিক থেকে সর্বনিম্নে রয়েছে বরগুনা জেলা।

আজ বুধবার ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বরিশাল শিক্ষা বোর্ডের এ বছর পাশের হার ৭৯ দশমিক ৪১ শতাংশ। ভোলা জেলায় এবার পাশের হার শতকরা ৮৩ দশমিক ০৩ শতাংশ। এটা বরিশাল শিক্ষা বোর্ডের সর্বোচ্চ পাশের হার। আর ৭২ দশমিক ০২ শতাংশ পাসের হার নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে বরগুনা জেলা।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায়, বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে বাকি চারটি জেলার পাসের হার হলো পিরোজপুর জেলায় ৮২ দশমিক ৯০ শতাংশ, ঝালকাঠী জেলায় ৮১ দশমিক ২২ শতাংশ, পটুয়াখালী জেলায় ৮০ দশমিক ৩২ শতাংশ ও বরিশাল জেলায় ৭৭ দশমিক ৯৫ শতাংশ।

এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে মোট ৮১ হাজার ৩২৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৬৪ হাজার ৯০২ জন পরীক্ষার্থী পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২ হাজার ৭৪৮ জন, মানবিক বিভাগে ১০৫ জন ও বাণিজ্য বিভাগে ২৬০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।