বরিশালে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু

বরিশালের হিজলা উপজেলায় পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই বোনের নাম ইভা আক্তার ও রাইশা আক্তার। দুজনেরই বয়স আড়াই বছর। ইভা একই গ্রামের দিদার হাওলাদারের ও রাইশা হাসান মাহমুদের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইভা ও রাইশা বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে দুজনে পুকুরের পানিতে ডুবে যায়। এ দিকে অনেক খোঁজাখুঁজির পর দুজনকে পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তারা মারা যায়।
বিকেলে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।