বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগরে পুলিশের এক সদস্যের স্ত্রী ও কলেজ-শিক্ষার্থী সূচনা আক্তারের (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত সূচনার পরিবারের অভিযোগ, নির্যাতনের পর স্বামী তাঁকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছেন। পুলিশের দাবি, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাঁরা দরজা ভেঙে সূচনাকে ঝুলন্ত অবস্থায় পান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত পুলিশ সদস্য (কনস্টেবল) ইমাম হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার রাত পৌনে ১০টার দিকে নগরের কাউনিয়া থানা এলাকার ব্রাঞ্চ রোডের সেতারা মঞ্জিলের ভাড়া বাসা থেকে সূচনাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঘোষণা করেন।
সূচনা নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তাঁর বাবা মো. আলী হোসেন জেলা পুলিশের নায়েক পদে কর্মরত।
নিহত সূচনার পরিবারের অভিযোগ, কনস্টেবল ইমাম হাসান তুচ্ছ ঘটনা নিয়ে সূচনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সূচনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার কথা প্রতিবেশীরাও জানিয়েছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গৃহবধূকে নির্যাতন করা হয়েছে এটা সত্য। তবে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগে নিহতের বাবা মো. আলী হোসেন বাদী হয়ে মামলা করেছেন। হত্যা না আত্মহত্যা, সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। মামলার একমাত্র আসামি স্বামী ইমাম হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।