বরিশালে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

বরিশালে পৃথক দুর্ঘটনায় চার ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। অপর দুজনের মধ্যে একজন দেয়াল চাপায় এবং একজন গাছচাপা পড়ে মারা যান। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র তাদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু এলাকার অটোরিকশা চালক সিদ্দিকুর রহমান (৫৫), একই এলাকার রামপট্টি এলাকার সংবাদপত্র বিক্রেতা লোকমান হোসেন (৩৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজার এলাকার শ্রমিক মিন্টু মিস্ত্রি (১৯) ও ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা মোখলেস মিয়া (৮৫)।
হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে বাবুগঞ্জের নতুনহাট এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে যশোর থেকে কুয়াকাটাগামী বিআরটিসির একটি বাস বিপরীতমুখী ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক সিদ্দিকুর রহমান ও আরোহী লোকমান হোসেন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বরিশাল নগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়ের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হলেও চালক ও সহযোগী পালিয়েছেন।
অপরদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার অলংকারকাঠীতে পল্লী বিদ্যুতের তারের ওপর থাকা গাছের ডাল কাটতে গিয়ে মিন্টু মিস্ত্রি (১৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজন পিন্টু মিস্ত্রি বলেন, গতকাল বিকেলে অলংকারকাঠী এলাকায় গাছ কাটার সময় এর একটি ডালের নিচে চাপা পড়ে মিন্টু গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থা গুরুতর হলে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা মোখলেস মিয়া (৮৫) নামের এক বৃদ্ধ দেয়াল চাপা পড়ে আজ শনিবার সকালে মারা গেছেন। উদ্ধারকারীরা বলেন, মোখলেস রাজাপুরের বাসিন্দা হলেও পিরোজপুরের কাউখালীতে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। গতকাল বিকেলে একটি পরিত্যক্ত দেয়াল চাপায় গুরুতর আহত হন তিনি। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।