বরিশালে প্যানেল মেয়রের বরখাস্ত আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়রের বিরুদ্ধে মন্ত্রণালয়ের দেওয়া সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত। প্যানেল মেয়র ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কে এম শহীদুল্লাহর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার আদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

কে এম শহীদুল্লাহর পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী স ম রেজাউল করিম। তাঁর প্রতিষ্ঠান এস এম রেজাউল করিম অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্যাডেউচ্চ আদালতের আদেশের একটি কপি গত সোমবার ফ্যাক্সযোগে বরিশাল সিটি করপোরেশনে পাঠানো হয়।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, একজন আইনজীবীর প্যাডে উচ্চ আদালতের একটি আদেশের ফ্যাক্স কপি নগর ভবনে এসেছে। ওই কপি তিনি গ্রহণ করেননি। উচ্চ আদালতের আদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত আদেশ প্রত্যাহার করলে তিনি সেই আদেশ গ্রহণ করবেন। রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল-জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের এই বরখাস্ত আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদেশকারী কর্তৃপক্ষের (স্থানীয় সরকার মন্ত্রণালয়) প্রতি রুল জারি করেছেন বেঞ্চ।

২৩ আগস্ট একটি অস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে শহীদুল্লাহকে সাময়িক বরখাস্তের আদেশ দেয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।