বরিশালে প্রতীকী খাল খনন কর্মসূচি পালিত
বরিশালের বিভিন্ন খাল দখলমুক্ত করে স্বাভাবিক পানির প্রবাহ ফিরিয়ে আনতে প্রান্তিক কৃষক ও জেলেরা প্রতীকী খাল খনন কর্মসূচি পালন করেছেন।গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নগরের লাকুটিয়া রায়ের খালের মহামায়া এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, বরিশালে খালের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। খাল দখল ও ভরাট হওয়ায় পানির প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। যার প্রভাব পড়ছে কৃষির ক্ষেত্রে। অবশিষ্ট খালগুলো রক্ষার দাবিতে প্রান্তিক কৃষক, জেলে ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।প্রতীকী খাল খননের মাধ্যমে লাকুটিয়া রায়ের খালসহ অবশিষ্ট খালগুলো সংস্কার ও সংরক্ষণ করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক, জেলে ও সাধারণ মানুষ। বক্তারা লাকুটিয়াসহ সব খালের অবৈধ দখলদারদের চিহ্নিত করে তাঁদের উচ্ছেদের দাবি জানান। প্রতীকী খাল খনন-পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ফরিদ আহম্মেদ, উপসহকারী প্রকৌশলী আবদুস সত্তার, সৈয়দ মাহবুব হোসেন, দৈনিক সত্য সংবাদ-এর সম্পাদক মীর মনিরুজ্জামান, কাশিপুর ইউপির সদস্য মনিরুজ্জামান প্রমুখ।পরে তাঁরা উপস্থিত কৃষক ও জেলেদের সঙ্গে খাল খননে অংশ নেন।