বরিশালে প্রথমার ছয় দিনের বই মেলা শুরু আজ
বরিশালে প্রথমা প্রকাশনীর আয়োজনে আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ছয় দিনের বই মেলা। মেলায় প্রথমা প্রকাশনী ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন বইয়ের সমাহার থাকবে।
বেলা তিনটায় নগরের অশ্বিনী কুমার হলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।
১০ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। সারা দেশে পাঠকদের বই পড়ায় আগ্রহী করে তুলতে প্রথম আলো ও প্রথমা প্রকাশন কাজ করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হচ্ছে এই বইমেলা।
বরিশালের মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের পছন্দের বই পাওয়া যাবে।
মেলা উপলক্ষে প্রথমার বইয়ে ৩০ থেকে ৬০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া অন্য বইয়ে ছাড় রয়েছে ২৫ শতাংশ। ভারতীয় নতুন বই ১ রুপির ক্ষেত্রে ১ টাকা ৮০ পয়সা ও পুরোনো বইয়ে ১ রুপির ক্ষেত্রে ১ টাকা ৫০ পয়সা রাখা হবে।