বরিশালে প্রথমার বইমেলা শুরু

বইয়ের কোনো বিকল্প নেই, বইয়ের বিকল্প কেবল বই-ই হতে পারে। অর্থসহ সব সম্পদের চেয়ে বড় সম্পদ বই। তা মননশীলতা বৃদ্ধি করে। তাই বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করতে হবে।
বরিশালে প্রথমা প্রকাশনের আয়োজনে ছয় দিনব্যাপী বইমেলা উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের অশ্বিনীকুমার হলে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় সহযোগিতা দিচ্ছে প্রথম আলো বন্ধুসভা বরিশাল।
অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘আমরা সারা জীবনই টাকাপয়সার হিসাব রাখি। কিন্তু এক বছরে কয়টি বই কিনি বা পড়ি, সেই হিসাবটি রাখতে পারলে ভালো হতো। এই হিসাবটা রাখা দরকার।’ তিনি বলেন, ‘প্রথমা প্রকাশনী আমাদের মুক্তিযুদ্ধ, শিল্প এবং সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বই প্রকাশ করছে, যা আমাদের নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, নাট্যজন সৈয়দ দুলাল, মানবাধিকার জোট বরিশালের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, উদীচী বরিশালের সভাপতি বিশ্বনাথ দাস মুনশী, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আবৃত্তিশিল্পী সোনিয়া আল আকসা, অধ্যাপক সাইদুন্নেছা লায়লা ও ছড়াকার শুভংকর চক্রবর্তী।
১০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। এ উপলক্ষে প্রথমার বইয়ে ৩০ থেকে ৬০ ভাগ ছাড় দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য বইয়ে ২৫ ভাগ ছাড় রয়েছে। ভারতীয় নতুন বইয়ে ১ রুপির ক্ষেত্রে ১ টাকা ৮০ পয়সা এবং পুরোনো বইয়ে ১ রুপির ক্ষেত্রে ১ টাকা ৫০ পয়সা রাখা হবে।