বরিশালে প্রাণবন্ত আয়োজনে বন্ধুমেলা অনুষ্ঠিত
কুয়াশা ও শীত উপেক্ষা করে বরিশালে গতকাল শুক্রবার প্রাণবন্ত আয়োজনে বন্ধুমেলা-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। মেলার পৃষ্ঠপোষকতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন ও মাত্রা।
বরিশালের বন্ধুসভা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে নগরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ চত্বরে বন্ধুসভা বরিশালের বন্ধুদের গাওয়া জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বন্ধুমেলা।
এরপর খবরের কাগজ দিয়ে তৈরি বিশেষ রাখি উৎসবের উদ্বোধন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি বনশ্রী মিত্র নিয়োগী। ১০টায় স্মারক বেলুন উড়িয়ে দেন বন্ধুসভা কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন। সকাল সোয়া ১০টায় মিলনায়তনে শুরু হয় মেলার মূলপর্ব।
বাংলাদেশ গড়ার কাজে বন্ধুদের দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী বন্ধুমেলা। মেলায় পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, গৌরনদীর বন্ধুদের সঙ্গে অংশ নেন ঢাকা বিভাগের শরীয়তপুর এবং কালকিনি বন্ধুসভার সদস্যরা।