বরিশালে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে গতকাল শনিবার উজিরপুর ও গৌরনদী উপজেলার ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন সমর্থক আহত হয়েছে। সংঘর্ষের সময় একটি বাস ও একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। গতকাল সন্ধ্যায় বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল কলেজের সামনে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন ও জেলা প্রশাসক আরিফ উর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে উজিরপুর উপজেলা ৪-১ গোলে গৌরনদী উপজেলা দলকে পরাজিত করে। খেলা শেষে উল্লাস করার সময় উজিরপুরের সমর্থকেরা গৌরনদীর সমর্থকদের কটূক্তি করে। এতে ক্ষিপ্ত হয়ে গৌরনদীর সমর্থকেরা আগেভাগে বরিশাল স্টেডিয়াম ত্যাগ করে। পরবর্তী সময়ে প্রায় চার কিলোমিটার দূরে সিঅ্যান্ডবি সড়কের টেক্সটাইল কলেজের ফটকের সামনে তারা অবস্থান নেয়। একই পথ দিয়ে তিনটি বাসযোগে উজিরপুরে যাচ্ছিল ওই উপজেলার খেলোয়াড় ও সমর্থকেরা। টেক্সটাইল কলেজের সামনে পৌঁছালে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একটি বাস ও একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গুরুতর আহত গৌরনদী উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুন্নাহার মেরী, গৌরনদী উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শাহজাহান, খেলোয়াড় আল মামুন, সুমন, বাবু, ওয়াহিদ, রুবেল, রিয়াজ, হেলাল, সুরুজ এবং সমর্থক অশ্রু হাওলাদার, দুলাল গোমস্থা, লিয়াজ হাওলাদার ও সুজনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদীর সমর্থকেরা অভিযোগ করে, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। আবুল কালাম আজাদ দাবি করেন, ঘটনার সময় তিনি সার্কিট হাউসে ছিলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে গৌরনদীর সমর্থকেরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। তিনি যাওয়ার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় তাঁদের চার ব্যক্তি আহত হয়েছে। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার উপসচিব হারুন অর রশিদ জানান, খেলা চলাকালীন উভয় পক্ষের সমর্থকদের মধ্যে একাধিকবার বাগিবতণ্ডা হয়। তখন আয়োজকেরা উভয় পক্ষকে শান্ত করে।এদিকে বাস ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ জেলা বাস মালিক সমিতি উজিরপুর উপজেলা সমর্থকদের নামিয়ে দিয়ে একটি বাস নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে আটকে রাখে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান (তদন্ত) জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।