বরিশালে বইপ্রেমিদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা বইপ্রেমিক, যাঁরা পড়তে ভালোবাসেন, তাঁদের জন্য বইমেলা একটি মহা আনন্দের বিষয়। বই পড়েই নিজেকে সমৃদ্ধ করা সম্ভব। এখনকার তরুণদের জন্য আশার কথা হচ্ছে, তারা বইমেলা থেকে বই কিনতে পারছে। একসময় এ ধরনের মেলা হতো না। তখন বই কিনতে বইয়ের দোকানে যেতে হতো। এই প্রয়াস আমাদের সামনের দিকে নিয়ে যাবে।
বরিশালে প্রথমা প্রকাশন আয়োজিত বইমেলা উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম ইমামুল হক।
গতকাল মঙ্গলবার বিকেল চারটায় নগরের শব্দাবলী স্টুডিও থিয়েটার মিলনায়তনে ছয় দিনের এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ইমামুল হক বলেন, বরিশাল নিজেই সমৃদ্ধ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তো আছেনই। কেবল জীবনানন্দ দাশ নন, অনেক গুণী ব্যক্তি আছেন, যাঁদের কারণে বরিশাল সমৃদ্ধ। শিল্প-সাহিত্য চর্চা করেন অনেক লেখক বরিশালে আছেন, যাঁদের পাণ্ডুলিপি নিয়ে প্রথমা প্রকাশন বই প্রকাশ করতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক কাইউম উদ্দিন আহম্মেদ প্রমুখ।