বরিশালে বখাটের হামলায় স্কুলছাত্রীর মা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে গতকাল বুধবার বখাটের হামলায় এক স্কুলছাত্রীর মা আহত হয়েছেন। হামলায় তাঁর বাঁ হাত ভেঙে গেছে। এদিকে শেরপুরের নালিতাবাড়ীতে গত সোমবার রাতে বখাটের ছুরিকাঘাতে আহত এক মাদ্রাসাছাত্রীর অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাকে পিটিয়ে আহত করে বখাটে যুবক মো. মাসুদ সিকদার। গতকাল বরিশাল জেলার উজিরপুর উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কমলাপুর গ্রামের মাসুদ সিকদার সাত মাস ধরে উজিরপুর ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশনের এক ছাত্রীকে (১২) উত্ত্যক্ত করে আসছিল। স্কুলছাত্রী ঘটনাটি তার মায়ের কাছে খুলে বললে মা শাহিনুর বেগম বিষয়টি বখাটে যুবক মাসুদের মায়ের কাছে জানান এবং প্রতিকার চান। এ ঘটনায় বখাটে মাসুদ ক্ষুব্ধ হয়। গতকাল বুধবার সকালে মাসুদ স্কুলছাত্রীকে তার সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। কিশোরী মেয়ের বিয়ে দিতে মা রাজি না হওয়ায় ঘরে ঢুকে স্কুলছাত্রীর মাকে এলোপাতাড়ি পেটায় মাসুদ। আহত শাহিনুর বেগম উজিরপুর হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে। এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা মো. সেকেন্দার হাওলাদার বাদী হয়ে গতকাল উজিরপুর থানায় একটি মামলা করেছেন। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, বখাটেকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত ছাত্রীর (১৪) অস্ত্রোপচারের ২০ ঘণ্টা পর জ্ঞান ফিরলেও তার অবস্থা এখনো সংকটাপন্ন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ গতকাল বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।পারিবারিক সূত্রে জানা গেছে, সাড়ে তিন ঘণ্টা অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাকে ৪৮ ঘণ্টা সময় পর্যবেক্ষণে রেখেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার আয়ুব আনসারী জানান, ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে স্বাভাবিকতা ফিরে না এলে আরও একটা অস্ত্রোপচার করতে হতে পারে। তার অবস্থা সংকটাপন্ন।