বরিশালে বধ্যভূমির পুকুর ভরাটের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে বধ্যভূমির সৌন্দর্য রক্ষার দাবিতে এবং বধ্যভূমি-সংলগ্ন পুকুর ভরাটের প্রতিবাদে সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে এ সমাবেশ শুরু হয়। এতে গণসংগীত পরিবেশন করেন মুক্তিযোদ্ধা ও উদীচীর শিল্পীরা।
মুক্তিযুদ্ধে বরিশাল বধ্যভূমি রক্ষা কমিটির আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ থেকে বধ্যভূমি এলাকায় পুকুর ভরাট করে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগের নিন্দা জানানো হয়। পাশাপাশি পরিত্যক্ত ত্রিশ গুদাম এলাকায় আধুনিক খাদ্যগুদাম নির্মাণের দাবি জানানো হয়।
কমিটির আহ্বায়ক মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশালের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য রত্তন আলী শরীফ বীর প্রতীক, হাবিবুর রহমান বীর প্রতীক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাস, উদীচীর বরিশালের সভাপতি বিশ্বনাথ দাস মুনশি প্রমুখ।
সমাবেশে মানবেন্দ্র বটব্যাল বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ঐতিহ্য ধ্বংস করে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে সরকারের একটি অংশ মদদ দিচ্ছে।