বরিশালে বন্দরের কাজ নিম্নমানের হওয়ায় নৌমন্ত্রীর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল আধুনিক নৌবন্দরের কাজ নিম্নমানের হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল শুক্রবার সকালে বন্দরের নির্মাণকাজ পরিদর্শন শেষে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বরিশাল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর। এই বন্দরকে আধুনিক করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। কিন্তু যে মানের কাজ হওয়ার কথা ছিল তা হয়নি। দরপত্র অনুযায়ীও কাজ করা হয়নি। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।শাজাহান খান আরও বলেন, বাংলাদেশের ৩৬টি নদী পুনরুদ্ধারের জন্য ১১ হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নদী দখল বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তিনটি নতুন ড্রেজার কেনা হয়েছে। সাতটি সংগ্রহের কাজ চলছে। ২০১৩ সালের মধ্যে আরও ১০টি ড্রেজার কেনা হবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সাংসদ তালুকদার মো. ইউনুস, বিআইডব্লিউটিএর প্রকৌশলী সদস্য ফিরোজ আহম্মেদ, প্রধান প্রকৌশলী জুলউদ্দিন আহম্মেদ, বিপিটিসি নারায়ণগঞ্জের অধ্যক্ষ ক্যাপ্টেন মোজাম্মেল হক, বন্দর ও পরিবহন কর্মকর্তা (বরিশাল) কাজী ওয়াকিল নওয়াজ, বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার, নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।