বরিশালে বর্ণহীন বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতি, ময়ূর, সাপ, পালকি, প্রজাপতি, ঘুড়ি, পাখা—সবই প্রস্তুত ছিল। তার পরও অনুষ্ঠিত হয়নি মঙ্গল শোভাযাত্রা এবং প্রভাতী অনুষ্ঠানসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কালো পতাকা ও নীরবতায় কেটেছে বৈশাখের প্রথম প্রহর। বরিশাল নগরে এবারই প্রথম কোনো আয়োজন ছাড়াই কেটেছে নববর্ষের প্রথম দিন।
বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণ সদর আসনের সাংসদ সাবেক মেয়র শওকত হোসেন হিরনের অকালমৃত্যুতে নগরে বৈশাখের সব আয়োজন স্থগিত করা হয়। নগরের কোথাও ছিল না বর্ণিল সাজ। নগর-বন্দর, সড়কে ছিল কালো পতাকা।
শওকত হোসেন হিরনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিটের নীরবতাই ছিল প্রভাতী অনুষ্ঠানের মূল আয়োজন। এই আয়োজনে শব্দযন্ত্রও ব্যবহার করা হয়নি। নগরের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন বলেন, ‘আমাদের প্রাণের মানুষ অকালে চলে যাওয়ায় আমাদের বর্ণিল আয়োজন বন্ধ করা হয়েছে।’
শওকত হোসেন হিরনের মৃত্যুতে বরিশালের ২৭টি সংগঠনের জোট তাদের নববর্ষের অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে। এ ছাড়া জেলা প্রশাসন, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মসূচি বাতিল করে।