বরিশালে বসেছে মৃৎশিল্পীদের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গা উৎসবের মধ্যে বরিশাল শহরে বসেছে আরেক উৎসব। দেবী দুর্গার রূপদানকারী শ্রেষ্ঠ কারিগরদের সম্মাননা জানাতে এই উৎসবের আয়োজন করেছে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা পরিষদ। গতকাল শুক্রবার শহরের অশ্বিনীকুমার হলে এই উৎসবের উদ্বোধন করেন রফিকুন নবী।
এই বরেণ্য শিল্পী তাঁর বক্তব্যে বলেন, মৃৎশিল্প আমাদের সংস্কৃতির একটা অংশ। আমাদের মৃৎশিল্পের আন্তর্জাতিকভাবে সুনাম রয়েছে। তাই এই শিল্প টিকিয়ে রাখতে হবে এবং এই শিল্পের সঙ্গে যাঁরা জড়িয়ে আছেন, তাঁদের বাঁচিয়ে রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। তিনি বলেন, জঙ্গিবাদ ও মৌলবাদী গোষ্ঠী আমাদের সৌন্দর্য-সম্প্রীতিকে বিপন্ন করতে চায়। সে জন্য সংস্কৃতিচর্চা বাড়াতে হবে। নতুন প্রজন্মকে সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর এই আয়োজন করে মৃৎশিল্পী সম্মাননা পরিষদ। দুই দিনের এই উৎসবে বিভাগের বিভিন্ন উপজেলার মৃৎশিল্পীরা যোগ দিয়েছেন। আজ শনিবার সকাল ১০টায় উৎসবের সমাপনী দিনে সম্মাননা জানানো হবে এসব শিল্পীকে।
শিল্পী মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন, জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামান, সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, ব্রজমোহন (বিএম) কলেজ অধ্যক্ষ স ম ইমানুল হাকিম প্রমুখ বক্তব্য দেন।