বরিশালে বাংলা নববর্ষ উদ্যাপনে ব্যাপক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দুদিন পর বাংলা নববর্ষ। বৈশাখী উৎসব আয়োজনে বরিশাল নগরজুড়ে চলছে প্রস্তুতি। রাখি উৎসব ও মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে হাতি, ময়ূর, সাপ, বিড়াল, মোরগ, প্রজাপতি, ঘুড়ি, বড় পাখা, মুখোশ, রাখি, টোপর।
সরেজমিনে দেখা গেছে, দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজক সংগঠন উদীচী, বরিশাল নাটক, চাঁদের হাট ও চারুকলার কর্মীরা। নগরের উত্তর মল্লিক রোডে উদীচী কার্যালয়, পাশের চত্বর ও সড়কের পাশে চলছে এসব উপকরণ তৈরির কাজ। সর্বজনীন প্রভাতি অনুষ্ঠান, রাখি উৎসব, মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে ওই উপকরণ তৈরি করেছেন উদীচী ও বরিশাল নাটকের কর্মীরা।
কাজের ফাঁকে কথা হয় উপকরণ তৈরির শিল্পী পার্থ সারথির সঙ্গে। তিনি বলেন, ‘উদীচীর ৩৩ বছররের মেলা এবং মঙ্গল শোভাযাত্রা সামনে রেখে নতুন আঙ্গিক এবং অশুভ শক্তি বিনাশের থিম নিয়ে কাজ করছি। বিশেষ করে যুদ্ধাপরাধীদের কালো থাবার বিরুদ্ধে সাপ ও শান্তির আহ্বান জানানোর জন্য ময়ূর তৈরি করেছি।’
উদীচী বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রা উদ্যাপন পরিষদের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল বলেন, মেলা ও মঙ্গল শোভাযাত্রাকে প্রাণবন্ত করতে উৎসব স্মারক হিসেবে বন্ধু সংগঠনকে সম্মানিত করা হবে। ঢাক, রাখি উৎসব ও শোভাযাত্রা বর্ণাঢ্য করতে তৈরি করা হয়েছে পাঁচ হাজার রাখি, তিন হাজার টোপর, পাঁচ শতাধিক কারুকাজ করা বড় পাখা।
এদিকে নগরের সিটি কলেজ চত্বরে চারুকলার আয়োজনে চলছে মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরির কাজ। নগরের আমনতগঞ্জ এলাকায় চাঁদের হাটের বৈশাখী মেলার প্রস্তুতি নিচ্ছেন কর্মীরা।