বরিশালে বাড়িতে ঢুকে যুবলীগের কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে যুবলীগের এক কর্মীকে গতকাল শুক্রবার বাড়িতে ঢুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সুব্রত সিকদার ওরফে বিদ্যুৎ নামের যুবলীগের ওই কর্মীকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুব্রত সদ্য সমাপ্ত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেনের পক্ষে কাজ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে নগরের কাউনিয়া প্রধান সড়কে সুব্রত সিকদারের বাসভবনে গিয়ে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেছেন, সুব্রত আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেনের পক্ষে কাজ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, জেলা ও মহানগর আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরেই ওই হামলার ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য নেতা-কর্মীদের উত্তেজিত করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে শওকত হোসেনের দ্বন্দ্ব রয়েছে। তাঁদের ধারণা, হাসানাতের লোকজন সুব্রত সিকদারের ওপর হামলা চালিয়ে থাকতে পারে। তবে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ঘটনার সঙ্গে দলীয় বিষয় নেই বলে দাবি করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে বলেন, যুবলীগের কর্মীর ওপর হামলার ঘটনা দলের মধ্যের দ্বন্দ্বের কারণে নয়। দলের ওপর অযথা দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করীম বলেন, এর সঙ্গে দলের কোনো যোগসূত্র সেই।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, কে বা কারা সুব্রতকে কুপিয়েছে, সে সম্পর্কে পরিবারের সদস্যরা কোনো তথ্য দিতে পারেননি। এ ব্যাপারে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।