বরিশালে বাণিজ্য মেলায় হাউজি ও অশ্লীল নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে বাণিজ্য মেলায় হাউজি খেলা চলছে এবং ভ্যারাইটি শোর নামে অশ্লীল নাচ দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বন্ধ করার জন্য বেশ কয়েকবার হুমকি ও হামলা চালানো হলেও আয়োজকেরা অবৈধভাবে এসব আয়োজন করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে নগরের বিআইডব্লিউটিএর মেরিন ওয়ার্কশপ মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। নামে বাণিজ্য মেলা হলেও এখানে জুয়া, হাউজি খেলা ও ভ্যারাইটি শোর নামে কুরুচিপূর্ণ নাচের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলায় নিজেদের অবস্থান না থাকায় গত ৫ এপ্রিল বেলা ১২টায় জেলা ছাত্রলীগের আহ্বায়ক মিলন ভূইয়া, যুগ্ম আহ্বায়ক কাজী মনিরউদ্দিন তারিকসহ কয়েকজনের নেতৃত্বে বেশ কিছু কর্মী এইচএসসি পরীক্ষার অজুহাত দেখিয়ে মেলা বন্ধ করার হুমকি দেয়। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষ ১০ এপ্রিল থেকে শুধু জুয়াখেলা বন্ধ করে দেয়।গত শনিবার মধ্যরাতে মেলার মাঠে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হয়। এ সময় সন্ত্রাসীরা দর্শনার্থীদের মুঠোফোনের সেট ও দোকানপাটের মালামাল লুট করে। ছাত্রলীগের পক্ষ থেকে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরই মেট্রোপলিটন পুলিশ মেলা বন্ধ ঘোষণা করে। তবে মেলা কর্তৃপক্ষ দাবি করেছে, প্রশাসন মেলা বন্ধ করেনি। জেনারেটর খারাপ থাকায় একদিন মেলা বন্ধ ছিল। গতকাল সোমবার থেকে আবার মেলা শুরু হয়েছে। এ জন্য গতকাল নগরে মাইকিং করা হয়েছে। মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, এইচএসসি পরীক্ষার মধ্যে মেলা চলায় সাধারণ ছাত্ররা মেলার মাঠে গিয়ে প্রতিবাদ জানিয়েছে। সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুর রহিম বলেন, ‘এখনো মেলা পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয়নি। মাইকিং করার বিষয়টি আমার জানা নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে মেলার কার্যক্রম চালু করা হবে।’