বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় বরিশাল-লাহারহাট সড়কে গতকাল বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ যাত্রী। এ ঘটনার পর দুটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর করা হয়েছে আরও তিনটি বাস। এদিকে রাজশাহীর গোদাগাড়ীতে গতকাল বিকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বরিশাল: প্রত্যক্ষদর্শীরা জানান, লাহারহাট এলাকা থেকে ইমরানিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশে আসছিল। সকাল সোয়া ১০টার দিকে বাসটি সদর উপজেলার দিনারের পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিন যাত্রী। গুরুতর আহতাবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। নিহত ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (২৫), আ. জলিল (৩০), মো. মেজর (২৪), মো. হারুন (৩০) ও অশোক (৪০)। তাঁরা সবাই সদর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ এবং ওই গাড়িতে অগ্নিসংযোগ করেন। একই সময় তাঁরা পপুলার পরিবহনের অন্য একটি বাসেও আগুন দেন। ভাঙচুর করা হয় আরও তিনটি বাস। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহী: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। গোদাগাড়ী উপজেলার যমুনা মোড়ে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান অপরজন। নিহত ব্যক্তিরা হলেন সোহেল রানা (৩৮), জালাল উদ্দিন (৪০) ও জহুরুল ইসলাম (২২)। তাঁরা তিনজনই সোহেল রানার বোনের বিয়েতে যাচ্ছিলেন।