বরিশালে বাস খাদে, এএসআই নিহত
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত ও ১০ জন আহত হয়েছেন৷ গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে৷
নিহত এএসআইয়ের নাম এ বি মোকলেছ (৫০)। তিনি গৌরনদী উপজেলার মাহিলারা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঈগল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সকাল সাড়ে নয়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর এলাকার এম এ জলিল সেতু পার হওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর যাত্রী এএসআই এ বি মোকলেছ নিহত হন৷ আহত হন ১০ জন৷ তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মোকলেছের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।