বরিশালে বাস ধর্মঘট যাত্রীদের চরম দুর্ভোগ
বরিশাল জেলা শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন বরিশালের সঙ্গে মাদারীপুর, ভূরঘাটা, স্বরূপকাঠি, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, পয়সারহাট, হিজলা, মুলাদীসহ ১৪ রুটের সাধারণ যাত্রীরা।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা তিনটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুরসংলগ্ন রামপট্টি এলাকায় শ্রমিক ইউনিয়নের একটি বাসের ধাক্কায় লবণবোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। এ ঘটনায় বিমানবন্দর থানার পুলিশ বাসটিকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে বাস ধর্মঘটের ডাক দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।জানতে চাইলে বরিশাল জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আফতাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনা ঘটলেই পুলিশ আমাদের সঙ্গে অশোভন আচরণ করে। বুধবার আমাদের একটি গাড়ি অহেতুক আটক করে তারা। পরে থানায় গেলে শ্রমিকনেতাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। এ কারণে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।’ আফতাব হোসেন জানান, গতকাল পুলিশ ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ার পর বেলা দুইটার দিকে বাস চলাচল শুরু হয়।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বাস আটক এবং পরবর্তী সময়ে শ্রমিকদের সঙ্গে সমঝোতা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।