বরিশালে বাসের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
বরিশাল-পটুয়াখালী সড়কে গতকাল সোমবার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই শিক্ষক। নিহত শিক্ষকের নাম মোল্লা নজরুল ইসলাম (৩৮)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট বেগম সামসুদ্দিন তালুকার ডিগ্রি কলেজের প্রভাষক। নজরুল বাকেরগঞ্জের বোয়ালিয়া এলাকার মো. ইসমাইল মোল্লার ছেলে।আহত দুজন একই কলেজের শিক্ষক নলছিটির তিমিরকাঠি এলাকার মো. জিয়াউল ইসলাম (৪২) এবং একই এলাকার রেজাউল ইসলাম (৪০)।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে তিন শিক্ষক কলেজ থেকে মোটরসাইকেলযোগে গন্তব্যে ফিরছিলেন। মোটরসাইকেলটি সড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও খয়রাবাদ সেতুর মধ্যবর্তী স্থানে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে এটিকে ধাক্কা দেয়। এতে তিন শিক্ষকই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে শিক্ষক মোল্লা নজরুল ইসলাম মারা যান। শিক্ষক রেজাউলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সায়েম।