বরিশালে বিএনপি জামায়াতের ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশালে পুলিশের দায়ের করা মামলায় বিএনপি ও জামায়াতের ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গতকাল বুধবার মেট্রপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বরিশাল আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন।
গত বছরের ৪ নভেম্বর ১৮ দলের ডাকা হরতালের সময় ভাঙচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
অব্যাহতি দেওয়া হয়েছে বিমানবন্দর থানার মগুরিয়ার মো. রিয়াজ হাওলাদার, বাবুগঞ্জের রফিকুল হাসান খান, মাধবপাশার মো. নাসিরউদ্দিন ও শহীদুল ইসলাম তালুকদারকে।
আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হরতালের সময় আসামিরা ঢাকা-বরিশাল মহাসড়কের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালান। ওই ঘটনায় বিমানবন্দর থানার সহকারী উপপুলিশ পরিদর্শক নজরুল ইসলাম আকন বাদী হয়ে মামলা দায়ের করেন।