বরিশালে বিএনপি নেতার হামলায় পাঁচ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিএনপির এক নেতার বিরুদ্ধে স্পিডবোট ঘাট দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় পাঁচ শ্রমিক আহত হয়েছেন। পরে শ্রমিকেরা ওই বিএনপি নেতা ও তাঁর কয়েকজন সহযোগীকে মারধর করেন। পুলিশ তিনজন স্পিডবোট শ্রমিককে আটক করেছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশাল নৌবন্দর এলাকায় ভাড়ায় চালিত স্পিডবোটের অস্থায়ী ঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বরিশাল স্পিডবোট মালিক-শ্রমিক সমিতি সূত্রে জানা গেছে, নগরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান গতকাল প্রায় ৫০ জন সহযোগী নিয়ে গিয়ে ঘাট দখলের চেষ্টা চালান। এ সময় তাঁদের হামলায় পাঁচজন শ্রমিক আহত হন।
হামলার খবর ছড়িয়ে পড়লে স্পিডবোট মালিক-শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালিয়ে কামরুজ্জামান ও তাঁর কয়েকজন সহযোগীকে মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
অভিযোগ অস্বীকার করে কামরুজ্জামান দাবি করেন, কিছুদিন আগে সাংসদ মজিবর রহমানের সঙ্গে স্পিডবোট মালিক-শ্রমিকেরা দুর্ব্যবহার করেছিলেন। সেই বিষয়ে গতকাল জিজ্ঞেস করতে গিয়েছিলেন।