বরিশালে বিএনপির অনুষ্ঠানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিএনপির একটি অনুষ্ঠানে যু্বলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন। এ ঘটনায় এক সংবাদকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।উপজেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও স্থানীয় সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদ উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বেলা একটার দিকে কেক কাটার সময় যুবলীগের কর্মী লোকমান ও ছাত্রলীগের কর্মী ফোরকানের নেতৃত্বে একদল সন্ত্রাসী সেখানে হামলা চালায়। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল জমাদ্দার, যুগ্ম আহ্বায়ক রিপন দেওয়ান, বিএনপির নেতা ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের বরিশাল প্রতিনিধি শামীম আহম্মেদও রয়েছেন।এই হামলার প্রতিবাদে বিএনপি সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে। এ সময় সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদ বলেন, হিজলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি (বর্তমানে জামিনে) যুবলীগের ক্যাডার লোকমান ও ছাত্রলীগের ক্যাডার ফোরকানের নেতৃত্বে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। হিজলা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বিএনপি কর্মসূচির নামে ১০০ মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ায় ছাত্রলীগ-যুবলীগ ক্ষিপ্ত হয়। এটা ছাত্রলীগ-যুবলীগ মানবে কেন?’ এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি বরিশাল সদরে সংবাদ সম্মেলন করেছে জানালে তিনি বলেন, ‘তাহলে আগামী দুই বছরে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না।’