বরিশালে বিএনপির কমিটি গঠন নিয়ে সংঘর্ষ
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন নিয়ে শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মহানগর কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ারের সামনেই নেতা-কর্মীরা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সন্ধ্যা সাতটার দিকে শায়েস্তাবাদ ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন নিয়ে সভা শুরু হয়। মজিবর রহমান সরোয়ার ওই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় নতুন ওয়ার্ড কমিটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় জ্যেষ্ঠ নেতারাও তাঁদের থামাতে পারেননি। এতে কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় মজিবর রহমান সরোয়ার দ্রুত সভাস্থল ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দা মো. সেলিম হাওলাদার জানান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনবিষয়ক সভা চলছিল। নতুন কমিটি ঘোষণা নিয়ে ইউনিয়ন বিএনপির নেতা খোকন মাস্টার এবং মো. শামসু মাঝির মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অনুষ্ঠানস্থলে থাকা চেয়ার ভাঙচুর করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন বলেন, ‘কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জেলা কমিটির আওতায় হলেও সেখানে আমাদের বলা হয়নি। তাই সেখানে যাইনি।’
নাম প্রকাশ না করার শর্তে জেলা পর্যায়ের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, ওয়ার্ড কমিটি গঠন করবে ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কমিটি করবে থানা কমিটি, থানা কমিটি গঠন করবে জেলা এবং জেলা কমিটি গঠন করবে কেন্দ্র। কিন্তু মজিবর রহমান সরোয়ার মহানগরের সভাপতি হয়ে ওয়ার্ড কমিটি গঠন করছেন। এতে দলের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এ জন্য সমস্যা হচ্ছে।
মজিবর রহমান সরোয়ার বলেন, ‘শায়েস্তাবাদে কমিটি গঠন-প্রক্রিয়া দেখতে গিয়েছিলাম। সেখানে ওয়ার্ড কমিটির কাগজপত্র পাওয়া যায়নি। পরে সবার সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার সময় কেউ আপত্তিও করেনি। শেষের দিকে হট্টগোল শুরু করে চেয়ার ভাঙচুর করা হয়। তাঁরা সাধারণ সম্পাদক ঘোষণা করা সবুজ খানকে সভাপতি হিসেবে দাবি করে ওই হট্টগোল শুরু করেন।’
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা কাজী মাহবুবুর রহমান জানান, সংঘর্ষ চলাকালে বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।