বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত বৃহস্পতিবার বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা এবং আলোচনা অনুষ্ঠানে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ওই কর্মসূচির আয়োজন করে।
প্রত্যক্ষদর্শীদের কাছে ও দল থেকে জানা যায়, বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আকন কুদ্দুসুর রহমানের সমর্থক দলীয় নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ফকিরবাড়ি সেতুর কাছে পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়।
এ সময় বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা এগোনোর চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা একটি পিকআপ ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো. বখতিয়ার, ছাত্রদলের সভাপতি শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুবদলের কর্মী সালমান হাসান, মহিউদ্দিন, সেলিম, সরল মোল্লা, মানিক সরদার, ইউপি সদস্য বেলালসহ ১০ জন আহত হন।
পরে বেলা সাড়ে ১১টার দিকে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সহসভাপতি কবির হোসেন তালুকদারের সভাপতিত্বে তাঁর নিজ বাড়িতে আলোচনা সভা শুরু হয়। এতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুস সোবাহান উপস্থিত ছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ৪০ জন নেতা-কর্মী মোটরসাইকেলের মহড়া দিয়ে সভাস্থলে হামলা চালান। এতে সভা পণ্ড হয়ে যায়। এ সময় বিএনপির কর্মী আসাদুল ইসলাম, মনির হোসেন ও বেলালসহ কমপক্ষে পাঁচজন আহত হন। উভয় ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আগৈলঝাড়া, তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মিছিলে বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান।
আগৈলঝাড়া আওয়ামী লীগের আহ্বায়ক মো. ইউসুফ হোসেন মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালিয়েছে।