বরিশালে বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ইফতার আয়োজন নিয়ে গতকাল শুক্রবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইফতার আয়োজনস্থলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীনের সমর্থক ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান আহমেদ খান দুই দিন আগেই বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে গতকালের ইফতার মাহফিলের ঘোষণা দেন। পরে একই স্থানে বিএনপির সহসভাপতি সেলিমা রহমানের সমর্থক ও উপজেলা যুবদলের সভাপতি আওলাদ হোসেনও ইফতার মাহফিলের ঘোষণা দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নাল আবেদীনের আয়োজন করা ইফতার অনুষ্ঠানে যাতে কেউ যেতে না পারেন, সে জন্য আওলাদ হোসেন তাঁর দলবল নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেন। বিকেল পাঁচটার দিকে বিএনপির নেতা কাজী নজরুল ইসলাম ও তাঁর এক সহযোগী দুটি মোটরসাইকেলযোগে সুলতান আহমেদ খান আয়োজিত ইফতার অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে রহমতপুর সেতুসংলগ্ন এলাকায় তাঁদের ধাওয়া দেন আওলাদ হোসেন ও তাঁর বাহিনী। ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যান নজরুল ও তাঁর সহযোগী। পরে আওলাদের বাহিনী মোটরসাইকেল দুটি পুড়িয়ে দেয়। এ ঘটনার পর উভয় পক্ষ মারমুখী অবস্থান নেয়। পাল্টাপাল্টি ধাওয়া হয় তাদের মধ্যে। পরে বিমানবন্দর থানার পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিএনপির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।জয়নাল আবেদীন অভিযোগ করেন, প্রথমে স্থানীয় বিএনপির নেতারা বাবুগঞ্জ কলেজ মাঠে ইফতারের আয়োজন করেন। পরে সেলিমা রহমানও একই স্থানে ইফতার আয়োজনের ঘোষণা দেন। এর মাধ্যমে তিনি ইফতার আয়োজন পণ্ড করার চেষ্টা করেছেন। অভিযোগ অস্বীকার করে সেলিমা রহমান বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার (উত্তর) আবু সালেহ মো. রায়হান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে জালাল সিকদার ও পাপ্পু নামের দুজনকে আটক করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাকাহিদ হোসেন জানান, সহিংসতার আশঙ্কায় বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।