বরিশালে বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন, রোববার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, জোর করে সিল মারা ও বিএনপির কর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে উপজেলা নির্বাচন বর্জন করেছেন ১৯ দল-সমর্থিত প্রার্থী মো. এনায়েত হোসেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনকি সম্পাদক ও বরিশাল মহানগরের সভাপতি মজিবর রহমান সরওয়ার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের এই ঘোষণা দেন। একই সঙ্গে আগামী রোববার নগরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে মজিবর রহমান সরওয়ার বলেন, ‘নির্বাচন চলাকালে সকাল ১০টার মধ্যে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে জোর করে কেন্দ্র দখলে নেন। তাঁরা কেন্দ্র থেকে বিএনপির সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেন। এ সময় তাঁরা জোর করে ব্যালট পেপারে আওয়ামী প্রার্থীর পক্ষে সিলও মারেন। কয়েক জায়গায় বিএনপিপন্থী এজেন্টদের মারধর করা হয়। এ জন্যই আমরা এই নির্বাচন বর্জন করছি। এর প্রতিবাদে রোববার মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির সমর্থিত প্রার্থী এনায়েত হোসেন ছাড়াও জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম, আনোয়ারুল হক, জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।