বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে বোমা হামলার প্রতিবাদে গত মঙ্গলবার রাতে বরিশাল শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিল থেকে পুলিশ সাতজনকে আটক করে গতকাল বুধবার আদালতে পাঠায়। আদালত তাঁদের জামিনে মুক্তি দিয়েছেন।গত মঙ্গলবার রাতে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের খবর পাওয়ার পর রাত ১১টার দিকে মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপি। দলের জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। সদর রোড হয়ে মিছিলটি বিবির পুকুর পাড় এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় অনুমতি ছাড়া মিছিল করার অভিযোগে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বশির আহম্মেদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাবরিজ, মহানগর যুবদলের কর্মী আসাদুজ্জামান তৌহিদ, মুরাদুল ইসলাম হিমেল, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আমির হোসেন, যুবদলের নেতা তাজু আহম্মেদ ও ছাত্রদলের নেতা ওয়াসিম মাহমুদ গালিবসহ আট নেতা-কর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার দুপুরে বরিশাল মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ। আদালতে বিএনপির নেতাদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।