বরিশালে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বিকেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে।এদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গত মঙ্গলবারের হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চাঁদপুর, খুলনা ও বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপি-জামায়াতের ৯৩৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে ভাঙচুরের ঘটনায় খুলনার দুজন বেবিট্যাক্সিমালিক দুটি মামলা করেন। অন্য তিনটি মামলার বাদী পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানাচ্ছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা: বরিশাল: হরতালের সমর্থনে গতকাল বিকেলে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বন্দরসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল বের করে বিএনপি। পুলিশ বাধা দিয়ে লাঠিপেটা করে। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। আধঘণ্টাব্যাপী সংঘর্ষে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। সংঘর্ষে পুলিশসহ অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন। মাধবপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা ও যুবদল কর্মী হুমায়ুন কবীরকে আটক করেছে পুলিশ।পুলিশের গুলিতে ছাত্রদলের নেতা নাসির উদ্দিন ও যুবদলের কর্মী কবির আকন আহত হয়েছেন বলে দাবি করেছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন। সহকারী পুলিশ কমিশনার রিয়াজুল কবীর বলেন, বিএনপির নেতা-কর্মীদের হামলায় তিনিসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় মঙ্গলবার রাতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ।সিলেট: হরতালের সমর্থনে গতকাল বিকেলে নগরের চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা দুটি পৃথক মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ধাওয়ার সময় পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে সাতজন নেতা-কর্মী আহত হন। গাজীপুর: বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং আজকের হরতালের সমর্থনে গতকাল বিকেলে কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপি মিছিল ও প্রতিবাদ সভা করে। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসার সময় বাধা দেয় পুলিশ। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশ লাঠিপেটা করলে ১০ জন আহত হন।সাতক্ষীরা: গত ৬ নভেম্বর পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার পাটকেলঘাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।