বরিশালে বিএনপির সাবেক সাংসদের গাড়িবহরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে গতকাল রোববার বরিশাল-১ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ জহির উদ্দিন ওরফে স্বপনের গাড়িবহরে দফায় দফায় হামলা হয়েছে। আগৈলঝাড়া থানা ও রথখোলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাচ্চু হাওলাদার মারা যান। গতকাল জহির উদ্দিন তাঁর কবর জিয়ারত করার জন্য আগৈলঝাড়ার নগরবাড়ী গ্রামে যান। কবর জিয়ারত শেষে গৌরনদীর উদ্দেশে রওনা দেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে আগৈলঝাড়া থানার সামনে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী তাঁর গাড়িবহরে হামলা চালান। হামলাকারীরা তাঁর গাড়ি ও বহরে থাকা দুটি মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করেন। এ সময় জহির উদ্দিন দৌড়ে আগৈলঝাড়া বণিক সমিতির সাবেক সভাপতি অমল দাসের দোকানে আশ্রয় নেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে ওই দোকানের মধ্যে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত হলে বেলা পোনে তিনটার দিকে জহির উদ্দিন স্থান ত্যাগ করেন।জহির উদ্দিন অভিযোগ করেন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. ইউসুফ হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ সেরনিয়াবাদের নেতৃত্বে শতাধিক লোকজন অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালিয়েছে। এ সময় তাঁর গাড়ির চালক মনির হোসেনসহ পাঁচজন সমর্থক গুরুতর আহত হন।অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ সেরনিয়াবাদ বলেন, হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। জহির উদ্দিনের নিজ দলের প্রতিপক্ষ তাঁর ওপর হামলা চালিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ হোসেন মোল্লা বলেন, গৌরনদী-আগৈলঝাড়ায় জহির উদ্দিন সংখ্যালঘু নির্যাতনকারী হিসেবে চিহ্নিত। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর তিনি এলাকায় আসেননি। গতকাল এলাকায় আসার খবর পেয়ে বিক্ষুব্ধ লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে। এর সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত নয়।এই হামলার আগে আগৈলঝাড়া আসার পথে বেলা সাড়ে ১১টার দিকে জহির উদ্দিনের গাড়িবহরটি রথখোলা নামক স্থানে পৌঁছালে বিএনপি এবং এর সঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাঁর গাড়িবহরে হামলা চালান বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্থানে জহির উদ্দিনের গাড়ি লক্ষ্য করে জুতা, স্যান্ডেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় তাঁর গাড়িচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে তিনি রক্ষা পান।রথখোলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে জহির উদ্দিনের গাড়িবহরে হামলার অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বলেন, সংখ্যালঘু নির্যাতনকারী হিসেবে বিক্ষুব্ধ লোকজন জহির উদ্দিনের গাড়িবহরে ওই হামলা চালায়। এর সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা জড়িত নন। আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, স্বপনের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে তিনি সাংসদ থাকাকালীন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানোর ঘটনায় ক্ষুব্ধ লোকজন ও নিজ দলের নেত্রীর সম্পর্কে কটূক্তি করায় তাঁর দলের প্রতিপক্ষ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে।