বরিশালে বিএনপির হাবিব-বিলকিস অনুসারীদের গাড়িবহরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আহসান হাবিব কামাল ও সাধারণ সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনের অনুসারী নেতা-কর্মীদের গাড়িবহরে গতকাল রোববার হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।আহসান হাবিব অভিযোগ করেছেন, সাংসদ মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা এ হামলা চালায়।বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, তাঁর সমর্থকেরা নয়; পদবঞ্চিতরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করে নিতে জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকেলে নগরীর বান্দ রোডে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিতে আহসান হাবিব ও বিলকিস আক্তার জাহান সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহসান হাবিব ও বিলকিস আক্তারকে স্বাগত জানাতে বাকেরগঞ্জ বিএনপির একটি মোটরসাইকেলের বহর গড়িয়ার পাড়ের দিকে যাচ্ছিল। পথে বিকেল সাড়ে চারটার দিকে কাশীপুর পোস্ট অফিস বাজারের সামনে সরোয়ার অনুসারী ও পদবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এ সময় ৮-১০ জনকে বেদম মারধর করা হয়। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় একটিতে।এ হামলার খবর নগরে পৌঁছালে কামালের সমর্থকেরা শতাধিক মোটরসাইকেলে লাঠিসোঁটা নিয়ে কামাল-শিরিনের গাড়িবহরে গিয়ে যোগ দেয়। বিকেল পাঁচটার দিকে বিশাল এ গাড়িবহর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়।হামলায় গুরুতর আহত নগরের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু হানিফ মল্লিককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, সরোয়ারপন্থী কর্মী-সমর্থকেরা গতকাল দুপুরের পর থেকেই কাশীপুর ও রহমতপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।এদিকে গত শনিবার রাতে সরোয়ার অনুসারী ও পদবঞ্চিত নেতারা দলীয় কার্যালয়ে সভা করে আহসান হাবিব ও বিলকিস আক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এরই অংশ হিসেবে গতকাল কামাল-বিলকিসকে নগরে প্রবেশে বাধা দিতে এ হামলা চালানো হয় বলে জানা গেছে। মহানগর বিএনপির নেতা রাজা হারুন অর রশিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আহসান হাবিব ও বিলকিস আক্তার ছাড়াও বক্তব্য দেন যুবদল নেতা আক্তারুজ্জামান শামীম, হাবিবুর রহমান, বিএনপির নেতা সাইয়েদউদ্দিন আহম্মেদ, শামিমা আকবর, ছাত্রদল নেতা ফিরোজ আল আমিন প্রমুখ।