বরিশালে বিএনপির ১৮ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে পুলিশের দায়ের করা নাশকতা মামলায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলামসহ ১৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত জানুয়ারি মাসে বরিশাল বিমানবন্দর থানায় দায়ের হওয়া ছয়টি মামলার আসামি তাঁরা।
গতকাল সোমবার দুপুরে বরিশালের বিশেষ ট্রাইব্যুনাল-১, ৩ ও মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন আসামিরা। এসব আদালতের বিচারকেরা তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্য আসামিরা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সদস্য মিন্টু ব্যাপারী, হুমায়ুন কবির, রাজন সিকদার, মাহবুব আলম, এনামুল হক, মিজানুর রহমান। বাকিদের নাম জানা যায়নি। আসামিপক্ষের আইনজীবী শেখ হুমায়ুন কবির ও শাহ আমিনুল ইসলাম মামলার নথির বরাত দিয়ে বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে ২০-দলীয় জোটের ডাকা আন্দোলনের সময় পুলিশের দায়ের করা গাড়ি ভাঙচুর, রাস্তা কেটে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, সহকারী পুলিশ সুপারের গাড়িতে হামলাসহ নাশকতার অভিযোগে পৃথক ছয়টি মামলায় তাঁদের আসামি করা হয়।
বিমানবন্দর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ‘পুলিশের কাজে বাধা এবং নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় আসামি কত, তা জানা নেই। তবে শুনেছি বিএনপির নেতা-কর্মীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’