বরিশালে পুলিশের দায়ের করা নাশকতা মামলায় বিএনপির ২১ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিসহ নেতা-কর্মীরা গতকাল বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
দুপুর ১২টায় ওই নেতা-কর্মীরা বরিশাল মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালতের বিচারক রফিকুল ইসলাম আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন আবেদন নামঞ্জুর হওয়া অন্য নেতা-কর্মীদের মধ্যে আছেন থানা যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহসভাপতি জেহাদ শিকদার, সাংগঠনিক সম্পাদক শওকত খান, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান, মোস্তাফিজুর রহমান, জুবায়ের।
আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন খায়ের বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে সরকারি কাজে বাধাদান, রাস্তা কেটে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, সহকারী পুলিশ সুপারের গাড়িতে হামলাসহ নানা অভিযোগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় পৃথক চারটি মামলা দায়ের হয়। এতে বাবুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন তালুকদারসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়।