বরিশালে বিচারক-সংকট বিচারপ্রার্থীদের ভোগান্তি
বরিশাল জেলার বিভিন্ন আদালতে বিচারক-সংকট চরম আকার ধারণ করেছে। বিচারকের ৩০টি পদের মধ্যে ১৫টি পদ শূন্য রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়ায় বিচারপ্রার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিদিন বাড়ছে মামলার জট।আদালত সূত্রে জানা গেছে, বর্তমানে বরিশাল জেলার বিভিন্ন আদালতে প্রায় সাড়ে ১৭ হাজার মামলা বিচারাধীন। বিভিন্ন আদালতে মোট ৩০টি বিচারকের পদ রয়েছে। এর মধ্যে জেলা জজ পদমর্যাদার ছয়টি, প্রথম অতিরিক্ত জেলা জজ একটি, দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ একটি, যুগ্ম জেলা জজ চারটি, সহকারী জেলা জজ আদালতের আওতায় (উপজেলা পর্যায়ের) ১০টি, মুখ্য মহানগর হাকিম চারটি এবং মহানগর হাকিমের চারটি পদ।এই ৩০টির মধ্যে ১৫টি বিচারকের পদ শূন্য। জেলা জজ আদালতের ছয়টি পদ পূর্ণ থাকলেও অন্যান্য আদালতের বিচারক-সংকট রয়েছে। এর মধ্যে ১০ উপজেলার ১০টি সহকারী জজ আদালতে বিচারক আছেন মাত্র তিনজন। দীর্ঘদিন ধরে সাতটি পদ শূন্য রয়েছে। মহানগর হাকিম আদালতের চারটি পদই শূন্য। মুখ্য মহানগর হাকিম আদালতের চারটি পদের মধ্যে কাগজে-কলমে শূন্য একটি। অন্য তিনজন বিচারকের মধ্যে একজন অসুস্থ থাকায় নিয়মিত কাজ করতে পারছেন না। আরেকজন ১ অক্টোবর থেকে ছয় মাসের প্রশিক্ষণে গেছেন। মূলত চার আদালতের দায়িত্ব পালন করতে হচ্ছে একজনকে। যুগ্ম জেলা জজ আদালতের চার পদের দুটি শূন্য। দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ আদালতের একমাত্র পদটি শূন্য রয়েছে।আইন মহাবিদ্যালয়ের শিক্ষক ও সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল বলেন, সবচেয়ে দুর্ভোগে পড়েছে ১০টি উপজেলা থেকে আসা বিচারপ্রার্থীরা। আদালতে আসা-যাওয়া ও দীর্ঘসূত্রতায় বিচারপ্রার্থীরা আর্থিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছে। দ্রুত বিচারকের পদ পূরণ হলে মামলার জট কিছুটা হলেও কমবে।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক লস্কর নূরুল হক বলেন, ‘বরিশাল আদালতে বিচারকের পদ শূন্য থাকার পরও আইন মন্ত্রণালয়ের দুটি আদেশে বরিশাল আদালত থেকে বিচারক বদলি করে অন্যত্র নেওয়া হয়েছে। আমাদের দীর্ঘদিনের আবেদন থাকলেও বিচারকের শূন্য পদ পূরণের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আলী আহম্মদ বলেন, নিম্ন আদালতের অবস্থা খুবই খারাপ। মাত্র দুজন বিচারক ১০টি আদালতের কাজ করছেন। বিষয়টি একাধিকবার জেলা জজ বরাবরে আবেদন করা হয়েছে। বরিশাল-২ (গৌরনদী-আগৈলঝারা) আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ‘বিচারক-সংকটের কারণে পুরোনো মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না। এর সঙ্গে প্রতিদিনই নতুন মামলা যোগ হওয়ায় মামলার তালিকা দীর্ঘ হচ্ছে। বিচারকের পদ পূরণ করা হলে সবচেয়ে বেশি লাভবান হবে বিচারপ্রার্থীরা। আমরা চাই, মন্ত্রণালয় দ্রুত শূন্য পদে বিচারক নিয়োগ দেবে।’