বরিশালে বিজয় শোভাযাত্রায় মানুষের ঢল
দেশ স্বাধীন হওয়ার ৪১ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার বরিশাল নগরে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এতে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ছাত্র, শিক্ষকসহ নানা শ্রেণী ও পেশার মানুষের ঢল নামে। বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা থেকে দ্রুত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানানো হয়।শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য সকাল সাড়ে নয়টায় বিভিন্ন সংগঠন জাতীয় পতাকা, ফাঁসির মঞ্চ, আত্মসমর্পণ, অপরাজেয় বাংলা, শহীদ মিনার, পাখি-মুখোশসহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে নগর ভবন সামনের সড়কে উপস্থিত হতে থাকে। এতে নগরের ফজলুল হক অ্যাভিনিউ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, সদর রোড, চকবাজারসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সকাল সাড়ে ১০টায় সিটি মেয়র শওকত হোসেন মাইকে ঘোষণা দেন, কোনো নেতার নামে স্লোগান হবে না। স্লোগান হবে একটা, আর তা হলো ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’। নগর ভবন চত্বর থেকে শুরু হওয়া বিজয় শোভাযাত্রা চরবাজার, বাজার রোড, বাকলা, স্বর রোড, নাজিরের পুল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক ও ফজলুল হক অ্যাভিনিউ হয়ে আবার নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় মেয়র বলেন, স্বাধীনতার ৪১ বছর অতিক্রম হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে যুদ্ধাপরাধীমুক্ত স্বাধীন দেশে বেড়ে উঠতে পারে, সে ব্যাপারে এখনই উদ্যোগ নিতে হবে। তাই দ্রুত যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। এ সময় সাংসদ তালুকদার মো. ইউনুস, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল, গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।