বরিশালে বিদ্যুতের অভাবে চালু হচ্ছে না দুই পানি শোধনাগার
বরিশাল সিটি করপোরেশনের কাছে ২৫ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নবনির্মিত দুটি পানি শোধনাগার (সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) চালু করা যাচ্ছে না। অথচ এক বছর আগে শেষ হয়েছে নগরের বেলতলা ও রূপাতলী এলাকায় অবস্থিত এই শোধনকেন্দ্র দুটির নির্মাণকাজ।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, টাকার অভাবে তারা বকেয়া পরিশোধ করতে পারছে না। এ পরিস্থিতিতে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ওজোপডিকো) স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, করপোরেশন বকেয়ার ১০ শতাংশ পরিশোধ করেও জনস্বার্থে পানি শোধনকেন্দ্র দুটি চালুর জন্য বিদ্যুৎ-সংযোগ চেয়ে আবেদন করলে বিষয়টি বিবেচনা করা যেত।
বরিশাল নগরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৪৩ কোটি টাকা ব্যয়ে শোধনাগার দুটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কাজ বাস্তবায়ন করে। শহরের উত্তরে বেলতলায় ১৯ কোটি টাকা ব্যয়ে এবং দক্ষিণে রূপাতলীতে ২৪ কোটি টাকা ব্যয়ে শোধনাগার দুটির নির্মাণকাজ শেষ হয় ২০১৫ সালের জুনে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল আলম বলেন, ‘অব্যবহৃত পড়ে থাকায় ইতিমধ্যে শোধনাগার দুটির বিভিন্ন স্থাপনায় ত্রুটি দেখা দিয়েছে। শিগগির চালু করা না গেলে আরও বড় ক্ষতি হবে। এ জন্য সিটি করপোরেশন ও ওজোপাডিকো—দুই পক্ষেরই উচিত বসে সমস্যার সমাধান করা। আমরা বারবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছি।’
পানি সরবরাহ বিভাগের কর্মকর্তারা জানান, সিটি করপোরেশনের পাঁচ লাখ অধিবাসীর জন্য ৫ কোটি ৫০ লাখ লিটার বিশুদ্ধ পানির প্রয়োজন। এর অনুকূলে বর্তমানে করপোরেশনের পাম্পগুলো থেকে পানি উত্তোলন হচ্ছে ২ কোটি ৫০ লাখ ৫০ হাজার লিটার। কিন্তু এই পানি ধরে রাখার মতো সক্ষমতা না থাকায় নগরের বর্ধিত এলাকার বিশাল অংশ বাদ দিয়ে বর্তমানে ১ কোটি ৫০ লাখ লিটার পানি সরবরাহ করা হচ্ছে। ফলে পানি-সংকট লেগেই আছে। নতুন শোধনকেন্দ্র দুটি চালু হলে নগরবাসীর পানির কষ্ট অনেকটা লাঘব হবে।
বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী ওমর ফারুক জানান, ওজোপাডিকো বারবার চিঠি দিয়ে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য নোটিশ দিচ্ছে। কিন্তু আর্থিক সংকটের কারণে করপোরেশনের পক্ষে বকেয়া পরিশোধ করা সম্ভব হয়নি। তিনি এ-ও বলেন, ওজোপাডিকোর পাওনার মধ্যে বিপুল অঙ্কের ভৌতিক বিল রয়েছে। বিলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন করে দিতে বলা হলেও তারা তা দিচ্ছে না। ফলে করপোরেশনও বকেয়া বিল পরিশোধ করতে পারছে না।
এসব বিষয়ে ওজোপাডিকোর বরিশাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইখতিয়ার উদ্দীন বলেন, ‘আমরা বারবার নোটিশ দিলেও তারা বকেয়া পরিশোধ করেনি। করপোরেশন বকেয়ার ১০ শতাংশ টাকা জমা দিয়েও জনস্বার্থে পানি শোধনকেন্দ্র দুটি চালুর জন্য সংযোগ চেয়ে আবেদন করলে বিষয়টি বিবেচনা করা যেত।’
মেয়র আহসান হাবিব কামাল বলেন, ‘বকেয়া বিদ্যুৎ বিলের ঘটনাটি আমার আমলে ঘটেনি। এটা ২০০৮ সালের ঘটনা।’ তিনি বলেন, ‘আমার আমলে যখন যে বিল এসেছে তা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি।’