বরিশালে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত, দুর্ভোগে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছে ওই সব এলাকার বাসিন্দারা। পুরোনো ট্রান্সফরমার দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রায়ই কোনো কোনো এলাকা দুই-তিন দিন ধরে অন্ধকারে থাকছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের বটতলা, করাপুর, রুইয়া, সামসু মিয়ার গ্যারেজ এলাকার বাসিন্দারা ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এ ছাড়া কয়েক দিন ধরে নগরের হাসপাতাল রোড, কালীবাড়ি রোড, জীবনানন্দ দাশ সড়ক, শীতলাখোলা, নতুন বাজার ব্রজমোহন কলেজ এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তবে গত রোববার রাত পৌনে একটার দিকে বিকল্প ট্রান্সফরমার দিয়ে এসব এলাকায় কোনোমতে বিদ্যুৎ চালু করা হয়।
নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিনের পুরোনো ট্রান্সফরমার ব্যবহার করায় দুই-এক দিন পরপর ট্রান্সফরমার বিকল হচ্ছে। বারবার অভিযোগ দেওয়া হলেও বিদ্যুৎ বিভাগ উদ্যোগ নিচ্ছে না।
নগরের বটতলা সামসু মিয়ার গ্যারেজ এলাকার বাসিন্দা মো. কায়সার রহমান গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বলেন, ৪৮ ঘণ্টা ধরে অন্ধকারে আছি। খাবার এমনকি শৌচাগারে ব্যবহারের পানি পর্যন্ত নেই। এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
কালীবাড়ি সড়কের বাসিন্দা হুমায়ূন কবির বলেন, ১০ দিন ধরে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা শুরু হয়েছে। পুরোনো যন্ত্রপাতি দিয়ে কোনোমতে কাজ চালানোর চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ।
এ ব্যাপারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বরিশালের নির্বাহী প্রকৌশলী এ টি এম তারিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, বর্তমানে বিদ্যুতের সমস্যা প্রকট নয়। মূলত বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পিডিবি থেকে বেসরকারি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে যাওয়ার পর থেকে নতুন কোনো ট্রান্সফরমার কেনা হয়নি। পুরোনো ট্রান্সফরমার দিয়ে চালানোর কারণে একটু বেশি লোড দিলেই ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এ ব্যাপারে নতুন ট্রান্সফরমার দেওয়ার জন্য বারবার চিঠি লিখলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। যার ফলে গ্রাহকেরা সমস্যায় পড়ছে।