বরিশালে বিশ্ববিদ্যালয়ছাত্রকে মারধর, বাসকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গতকাল শনিবার বিআরটিসি বাসের একজন কর্মী মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।
গতকাল বেলা দেড়টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে এ অবরোধ চলাকালে শিক্ষার্থীরা তিনটি প্রাইভেট গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যায়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফারহান হোসেন গতকাল সকালে বিআরটিসির একটি বাসে চড়ে বরগুনার আমতলী থেকে বরিশাল আসছিলেন। পথে বাসের সুপারভাইজার মো. আজিম ভাড়া চান। তিনি অর্ধেক ভাড়া দিতে চান। আজিম তাতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ফারহান তাঁর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বের করে দেখান। তখন আজিম পরিচয়পত্রটি ছিনিয়ে নেন এবং ফারহানকে চড়-থাপ্পড় মারেন। পরে ফারহান মুঠোফোনে এ ঘটনা তাঁর সহপাঠীদের জানান। খবর পেয়ে বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা মহাসড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে অবরোধ সৃষ্টি করেন। হাতে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করতে থাকেন। অবরোধের কারণে মহাসড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে। আড়াইটার দিকে কয়েকটি ব্যক্তিগত গাড়ি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন শিক্ষার্থীরা এসব গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এম এ কাইয়ুম ও প্রক্টর মো. শফিউল আলম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, সুপারভাইজার আজিমকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
প্রক্টর শফিউল আলম বলেন, পরিবহনের শ্রমিকেরা প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেন। গতকালও এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করেছেন। এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান হওয়া জরুরি। এ লক্ষ্যে আজ রোববার বাস মালিক সমিতির নেতা, বিআরটিসি কর্তৃপক্ষ ও পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমঝোতা সভার আহ্বান করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান বলেন, বিআরটিসি বাসের সুপারভাইজার আজিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে ৯ জানুয়ারি বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র মো. আসলামকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন এক বাসচালকের সহকারী।