বরিশালে বৃষ্টিতে নালার পানি সড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে দেড় ঘণ্টার বৃষ্টিতে নালার পানি সড়কে উঠে এসেছে। বৃষ্টির পানি অপসারণের ব্যবস্থা নেই। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে নগরের অধিকাংশ এলাকা ডুবে গেছে। এতে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া দেড় ঘণ্টার বৃষ্টিতে নগরের গুরুত্বপূর্ণ সড়কে হাঁটু সমান পানি জমে যায়। হঠাৎ প্রবল বৃষ্টিতে থমকে যায় পুরো নগর।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রবল বৃষ্টি হয়েছে।

বেলা ২টায় সরেজমিনে দেখা গেছে, নগরের সদর রোড বিবির পুকুর এলাকা, বটতলা, নবগ্রাম রোড, কালীবাড়ি রোড, বিএম স্কুল সড়ক, মল্লিক রোড, বগুড়া রোড, মুন্সী গ্যারেজ, শীতলাখোলা, সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে, অপসোনিন মোড়, শ্রীনাথ চ্যাটার্জি লেন, বাংলাদেশ ব্যাংক মোড় এলাকার সড়ক পানির নিচে ডুবে আছে। কালীবাড়ি রোডে করপোরেশনের নালা ভর্তি হয়ে বৃষ্টির পানি সড়কের ওপর উঠে এসেছে।

নগরবাসীর অভিযোগ, নালাগুলো অপরিকল্পিতভাবে করা হয়েছে। নালা নির্মাণের সময় ভেতরের কাঠ-বাঁশ অপসারণ করা হয়নি। সেগুলো নালার মধ্যে থাকায় পানি অপসারণ হচ্ছে না।

সচেতন নাগরিক কমিটি বরিশালের সাবেক সভাপতি এম মোয়াজ্জেম হোসেন বলেন, ১০ বছর আগে বরিশালে জলাবদ্ধতা ছিল না। খালের মতো বড় কাচা নালা ভরাট করে সরু পাকা নালা নির্মাণের কারণে পানি অপসারণ হচ্ছে না। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, নগরের নালা পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে।