বরিশালে বেশির ভাগ ডিলার টিসিবির পণ্য তুলছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুনাফা কম ও নিজস্ব দোকান না থাকার অজুহাতে বরিশালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বেশির ভাগ ডিলার পণ্য উত্তোলন করছেন না। বরিশাল অঞ্চলে ১৪৩ জন ডিলারের মধ্যে মাত্র ২৯ জন পণ্য উত্তোলন করেছেন। আর বরিশাল সিটি করপোরেশনের ৪৬ জনের মধ্যে পণ্য তুলেছেন মাত্র ১২ জন।
টিসিবি বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখার জন্য টিসিবি বরিশাল অঞ্চলের জন্য প্রথম কিস্তিতে ৫৩৫ টন চিনি, ১০০ টন ছোলা, তিন টন খেজুর, ৪১৮ টন মসুর ডাল, এক লাখ ৭০ হাজার লিটার সয়াবিন তেল এবং ৭৪ হাজার লিটার পাম তেল মজুত রাখা হয়েছে। গত সোমবার প্রথম কিস্তির শেষ দিনে পাঁচ ভাগের এক ভাগ পণ্য তোলা হয়েছে।
ডিলারদের অভিযোগ, খোলাবাজারের চেয়ে টিসিবির পণ্যের মূল্য অনেক ক্ষেত্রে বেশি। চিনিসহ কিছু পণ্যের দাম কমানো হলে ডিলাররা পণ্য তুলতে আগ্রহী হবেন। প্রথম কিস্তির পণ্য উত্তোলনকারী অনুরাগ এন্টারপ্রাইজের মালিক মো. জাকির হোসেন বলেন, টিসিবির পণ্য ভালো হলেও চিনি ও ছোলার দাম একটু কমালে সমস্যা হতো না। দেশি চিনির রং লালচে হওয়ায় চিনি থেকে যাচ্ছে। তা ছাড়া যাঁদের নিজস্ব দোকান ও জনবল নেই, তাঁরা পণ্য তুলে লাভ করতে পারবেন না, তাই তুলছেন না।
আমির এন্টারপ্রাইজের মালিক মো. মঞ্জুরুল ইসলাম বলেন, টিসিবির পণ্যের মান ভালো, কিন্তু বাজারের দামের সঙ্গে পার্থক্য কম। দোকানভাড়া, কর্মচারী রেখে পণ্য বিক্রি করে লাভ না হওয়ায় তিনি পণ্য তুলছেন না। নিপা এন্টারপ্রাইজের মালিক নাজমুল হাসান জানান, নিজস্ব দোকান নেই। টিসিবির পণ্য তুলে বিক্রি করতে পারলে কিছুটা লাভ থাকত। দোকান ভাড়া নিয়ে খুচরা বাজারে বিক্রি করলে লোকসান হয়।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশালের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত বলেন, ডিলাররা পণ্য উত্তোলন থেকে বিরত থাকায় ভোক্তারা বঞ্চিত হচ্ছে। সরকারের সদিচ্ছা থাকলেও শুধু ডিলারদের কারণে মুখ থুবড়ে পড়ছে টিসিবির সেবা।
টিসিবির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী পর পর দুই কিস্তির পণ্য উত্তোলন না করলে ডিলারের লাইসেন্স বাতিল হওয়ার কথা। কিন্তু বরিশাল অঞ্চলের অধিকাংশ ডিলার পাঁচ থেকে আটবার পর্যন্ত পণ্য উত্তোলন না করলেও তাঁদের লাইসেন্স বাতিল হয়নি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলার সভাপতি আক্কাস হোসেন বলেন, বরিশাল সিটি করপোরেশনে ৪৬ জন ডিলার পণ্য তুলে সরবরাহ করলে সাধারণ নাগরিকদের বাজার থেকে বেশি দামে পণ্য কেনার প্রয়োজন হতো না। মাত্র ১২ জন ডিলার পণ্য উত্তোলন করায় টিসিবির সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।
টিসিবি বরিশাল অঞ্চলের কর্মকর্তা মো. ইসমাইল হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, টিসিবির পণ্যের মান যেকোনো সময়ের চেয়ে এখন ভালো। শুধু ডিলারদের অসহযোগিতার কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।