বরিশালে ব্যবসায়ী খুন ভোলায় গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের হক সাহেবের বাজারে গতকাল শনিবার ভোর পাঁচটায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সহযোগীর কুড়ালের বাঁটের আঘাতে ঘুমন্ত অবস্থায় নিহত হয়েছেন কাঠ ব্যবসায়ী মো. কামরুল ইসলাম বাহাদুর (৪৫)। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মন্নান বাহাদুরের ছেলে। এ ঘটনায় পুলিশ নিহত ব্যক্তির সহযোগী মো. আলাউদ্দিন বাহাদুরকে (৪৫) আটক করেছে। তিনি লতিফ বাহাদুরের ছেলে এবং তাঁরা সম্পর্কে পরস্পর চাচাতো ভাই।হক সাহেব বাজারের ব্যবসায়ীরা জানান, সকালে আলাউদ্দিন তাঁদের কাছে এসে বলে, ‘শালাকে শেষ করে দিছি’। এ কথা শুনে তাঁরা কাঠের দোকানে গিয়ে কামরুলকে কাতরাতে দেখেন। এ সময় তাঁরা আলাউদ্দিনকে আটক করে চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল ইসলামকে খবর দেন। তিনি এসে আলাউদ্দিনকে স্থানীয় পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন।বানারীপাড়া থানা সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম ও মো. আলাউদ্দিন ১৪-১৫ বছর আগে ওই বাজারে একটি দোকান ভাড়া নিয়ে কাঠের ব্যবসা শুরু করেন। ব্যবসার কারণে তাঁরা এ বাজারেই থাকতেন। ব্যবসার কারণে আলাউদ্দিন সার্বক্ষণিক এখানে থাকলেও কামরুল প্রায়ই বাড়িতে আসা-যাওয়া করতেন। এই সুযোগে কামরুলের সঙ্গে আলাউদ্দিনের স্ত্রীর সুসম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনা জানতে পারেন আলাউদ্দিন। এরই জের ধরে গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে আলাউদ্দিন কুড়ালের বাঁট দিয়ে ঘুমন্ত কামরুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং মাথা থেকে রক্ত পড়তে থাকে। তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ কামরুল ইসলামকে হত্যার কাজে ব্যবহূত কুড়ালটি জব্দ করেছে।বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রব হাওলাদার বলেন, আলাউদ্দিন হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়া তাঁর স্ত্রীর সঙ্গে কামরুলের অবৈধ সম্পর্ক ছিল বলে তিনি জানান। এ কারণে ক্ষোভে কামরুলের মাথায় কুড়াল দিয়ে আঘাত করেছেন বলে জানিয়েছেন।এদিকে ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি ধানখেত থেকে গতকাল শনিবার বেলা একটার দিকে পুলিশ অজ্ঞাত এক নারীর (২০) গলাকাটা লাশ উদ্ধার করেছে।সদর উপজেলার পূর্ব ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বরকত হোসেন জানান, উপজেলার রাজাপুর ইউনিয়নের মিশন হাসপাতাল থেকে আধাকিলোমিটার পূর্বে ধানখেতের মধ্য থেকে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ৫০ হাত দূরে দুটি ধারালো অস্ত্র (ছুরি) পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।