বরিশালে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ, চলছে গ্যাসচালিত যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক তুলে দেওয়া হয়েছে। তার পরিবর্তে এসব রাস্তায় চলছে একই আকারের সিলিন্ডার গ্যাসচালিত ইজিবাইক। ব্যাটারিচালিত ইজিবাইক চলতে না দেওয়ায় ক্ষুব্ধ এই যানের চালকেরা ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শহরের সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ ও বন্দর সড়ক (পোর্ট রোড) এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ শুরু করেছে পুলিশ। তাদের ভাষ্য, আদালতের নির্দেশ অনুযায়ী তারা এ যান নিয়ন্ত্রণ করছে।
তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষের দাবি, ব্যাটারিচালিত ইজিবাইক পরিবেশবান্ধব। অথচ সেই যান বন্ধ করে শহরে একই ধরনের সিলিন্ডার গ্যাসচালিত ইজিবাইক চলাচল করতে দেওয়া হচ্ছে। মূলত ইজিবাইক সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকায় সেটা উঠিয়ে দেওয়ার একটা কৌশল নিয়েছে ট্রাফিক পুলিশ। বন্ধ করতে হলে সব ধরনের ইজিবাইকই বন্ধ করা উচিত।
সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বলেন, গ্যাসচালিত ইজিবাইক শহরের জন্য বিপজ্জনক। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ সেগুলো চলাচলের অনুমতি দিয়েছে বিআরটিএ। ব্যাটারিচালিত ইজিবাইক পরিবেশবান্ধব হওয়ার পরও সেটা বন্ধ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিআরটিএকে গ্যাসচালিত ইজিবাইকের লাইসেন্স না দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। এ ছাড়া ব্যাটারিচালিত ইজিবাইক যাতে চলাচল করতে পারে, সে ব্যাপারে পুলিশ প্রশাসনেও আলাদা চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই হাসপাতাল রোডের জেলখানার মোড়, কালিবাড়ি রোড, ফকিরবাড়ি রোড, বগুড়া রোড থেকে সদর রোডে প্রবেশপথ, সদর রোডের জিলা স্কুল মোড়, নৌবন্দর সড়কের ফজুলল হক অ্যাভিনিউ মোড়, ফলপট্টি মোড়, কাঠপট্টিসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর প্রবেশপথে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা এসব পথ দিয়ে যাওয়া ব্যাটারিচালিত ইজিবাইক আটকে দিচ্ছেন। তবে গ্যাসচালিত ইজিবাইক ও ডিজেলচালিত মাহিন্দ্রা চলাচল করছে কোনো রকম বাধা ছাড়াই।
এ বিষয়ে পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আবু সালেহ মো. রায়হান প্রথম আলোকে বলেন, নীল রঙের ইজিবাইকগুলো বিআরটিএ কর্তৃক অনুমোদিত। তাই ওই গাড়িগুলো চলাচলে বাধা দেওয়া হচ্ছে না। ব্যাটারিচালিত ইজিবাইক বিআরটিএ কর্তৃক অনুমোদিত নয়। এমনকি মোটরযান আইন অনুযায়ী এগুলো যানবাহন হিসেবে স্বীকৃতও নয়। পুলিশ আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করছে।