বরিশালে ভরা মৌসুমেও ইলিশের আকাল
বঙ্গোপসাগর ও উপকূলীয় নদ-নদীতে আর আগের মতো ইলিশ ধরা পড়ছে না। বরিশালের মোকামে গত কয়েক দিনে ইলিশ সরবরাহের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এখানে এখন প্রতিদিন গড়ে পাঁচ মণ ইলিশও আসে না।সংকট দেখা দেওয়ায় বরিশাল মোকামের অনেক শ্রমিক ইলিশ ওঠানো ও নামানোর কাজ ছেড়ে অন্য কাজ করছেন। আবার অনেকে বেকার হয়ে পড়েছেন। ইলিশ পরিবহনের ট্রলারগুলোয় এখন কাঁঠালসহ অন্যান্য সামগ্রী পরিবহন করা হচ্ছে।শীত, গ্রীষ্ম, বর্ষা—সব মৌসুমেই বরিশাল ইলিশ মোকাম জমজমাট থাকত। দিন-রাত চলত বেচাকেনা। এবার সেই সরব মোকাম অনেকটাই নীরব হয়ে গেছে। আড়তদাররা অলস সময় কাটাচ্ছেন। অনেক শ্রমিক রিকশা চালিয়ে এবং দিনমজুরি ও ফলের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। বরিশাল মোকাম সূত্রে জানা গেছে, ভরা মৌসুমে এ মোকামে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার মণ ইলিশ বেচাকেনা হয়। মৌসুম ছাড়াও এখানে গড়ে চার থেকে পাঁচ শ মণ ইলিশ বিক্রি হয়। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এখানে ইলিশ সরবরাহ করা হয়। গত কয়েক দিনে এখানে মাছের আমদানি কমে গেছে। গত বুধবার ৩০ মণ মাছ বেচাকেনা হয়েছে।বরিশাল জেলা মৎস্য শ্রমিক সংস্থার সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘সাগরেও মাছের দেখা মিলছে না। পাথরঘাটায় আমার ১৫টি বোট (মাছের ট্রলার) আছে। পাঁচটা বোট চার-পাঁচ দিন সাগরে থেকে মাত্র ১০টা মাছ পেয়েছে। প্রতিদিন ৪০ থেকে ৮০ হাজার টাকা লোকসান হচ্ছে।’সুমন ফিস নামের একটি মৎস্য আড়তের মালিক মো. আইয়ুব আলী বলেন, ‘এখন মোকামে পাঁচ মণ মাছও আসে না। বসে থাকব, তাই বাধ্য হয়ে কাঁঠাল তুলেছি।’ ওই আড়তের শ্রমিক মো. মনির হোসেন বলেন, মাছ থাকলে গড়ে ৩০০-৪০০ টাকা আয় হতো। এখন অবস্থা এমন খারাপ যে সংসার চালানো দায় হয়ে পড়েছে।বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত দাস বলেন, এ রকম অবস্থা হয়নি কোনো বছর। বরিশাল ইলিশ মোকামে ১২৫টি আড়ত আছে। এখানে দুই হাজার শ্রমিক কাজ করেন। ইলিশের পরিমাণ কমে যাওয়ায় অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের প্রধান সুলতান মাহমুদ জানান, জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ মাছের প্রজনন মৌসুম বিলম্বিত হয়। এ কারণে যে সময় ইলিশ প্রচুর পরিমানে পাওয়ার কথা সে সময়ে পাওয়া যায় না। ইলিশের সঙ্গে মৌসুমের যে সম্পর্ক তার পরিবর্তন হয়েছে। এতে আকাল দেখা দিয়েছে।