বরিশালে ভাষা প্রতিযোগ আজ
এইচএসবিসি ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক ভাষা প্রতিযোগ আজ বৃহস্পতিবার বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বরিশাল অঞ্চলের আট জেলার এক হাজার শিক্ষার্থী অংশ নেবে এই উৎসবে। এতে বরেণ্য কবি ও সাহিত্যিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও গবেষকেরা উপস্থিত থাকবেন।
সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করবেন বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন। পাশাপাশি ভাষা প্রতিযোগের পতাকাও উত্তোলন করা হবে। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে। পরে ৪০ মিনিটের প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর খুদে ভাষাবিদদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অতিথিরা। থাকবে মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে উৎসবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ-বৈকল্য (কমিউনিকেশন ডিসঅর্ডার) বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাহেল রাজিব, এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর, প্রভাষক সাইফিন রুবাইয়াত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহসেনা হোসেন ও সঞ্জয় সরকার, মুন্সিগঞ্জের শ্রীনগর কলেজের বাংলা বিভাগের প্রধান কুদরত-ই-হুদা, প্রথম আলোর সহকারী সম্পাদক মশিউল আলম ও প্রকাশনা সমন্বয়ক অরুণ বসু।
উৎসবে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এ চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ৬০ জন বিজয়ীকে সনদ ও বই পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে। বরিশাল বিভাগের ছয় জেলা এবং মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উৎসবে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছে।