বরিশালে ভাষা প্রতিযোগে নানা আয়োজন

বরিশালে শুরু হয়েছে প্রথম আলো-এইচএসবিসি ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের অনুষ্ঠান। আজ শনিবার সকাল নয়টায় শহরের জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ উৎসব শুরু হয়।
বরিশাল বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ভেন্যু প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল মজিদ জাতীয় পতাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৈয়দ আজিজুল হক ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন। এরপর শিক্ষার্থীদের নিয়ে অতিথিরা বেলুন ওড়ান।
বরিশালে আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠানে পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, বরগুনা, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের ৮০০ বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষার্থীরা প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে ভাগ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে।
লিখিত পরীক্ষার পর হবে প্রশ্নোত্তর পর্ব। সেখানে ভাষাবিদেরা শিক্ষার্থীদের ভাষা বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেবেন। এরপর বিকেলে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আঞ্চলিক পর্বের এ অনুষ্ঠান থেকে জাতীয় পর্বের জন্য ৬০ জন শিক্ষার্থীকে বাছাই করা হবে। অনুষ্ঠানের শেষে তাঁদের সনদপত্র ও মেডেল দেওয়া হবে।